রাজাপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মৌলিক শিক্ষক প্রশিক্ষণ শুরু
আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠির রাজাপুরে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী শিক্ষক মৌলিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে । ৮ জুন ২০২৬ ইং সকালে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা ৮ ও ৯ জুন পর্যন্ত চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন ঝালকাঠি জেলার উপ-পরিচালক মো. আলম হোসেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক আঃ রহিম রেজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা ওমর ফারুক। বক্তারা বলেন, শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা আরও দক্ষ হয়ে শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ধর্মীয় শিক্ষার প্রসারে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার মোট ৬৩ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে পাঠদান পদ্ধতি, ধর্মীয় মূল্যবোধ চর্চা, শিশুদের নৈতিক শিক্ষা এবং প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আয়োজকরা জানান, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকাদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।
